নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
তাদের অভিযোগ, সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটি শুটিংয়ের জন্য কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে অস্থায়ী স্থাপনা খুলে নেওয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস এই অভিযোগ করেন। তিনি জানান, প্রায় ৫০০ বছরের পুরোনো এই স্থাপনাটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
শাহেদ কায়েস দাবি করেন, শুটিংয়ের পর স্টুডিও কর্তৃপক্ষ অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় সরদার বাড়ির বেশ কয়েকটি অংশ ভেঙে পড়ে, যা ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দেশের পর্যটন ও প্রত্নসম্পদের জন্য গুরুত্বপূর্ণ এই স্থাপনার ক্ষতি অপূরণীয়। তারা দ্রুত সংস্কারের দাবি জানান, এবং ভবনটির আরও ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
তারা ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে সংস্কার করার দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া, শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চারু ও কারুশিল্পীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।