গত বছর জানুয়ারিতে গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাসায় ছুরিকাঘাতের শিকার হন। এই ঘটনায় পুলিশ মহারাষ্ট্রের থানে থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি অনুযায়ী, গ্রেপ্তারকৃত শরিফুল একজন বাংলাদেশি নাগরিক। প্রায় দেড় বছর পর, মামলায় নতুন মোড় এসেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভারতের একটি আদালতে হাজির হয়ে অভিযুক্ত শরিফুল দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শরিফুল বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং আদালতে দয়া প্রার্থনা করে একটি আবেদন করেছেন। আদালত এ বিষয়ে সরকারি কৌঁসুলির (পিপি) কাছে জবাব চেয়েছে।
মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখের কাছে শরিফুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় প্রাণঘাতী অস্ত্র-সহ ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
২০২৫ সালের ১৬ জানুয়ারি সাইফ আলি খানের বান্দ্রার বাড়িতে জোর করে ঢুকে পড়ে এক যুবক। সে বাথরুম দিয়ে অভিনেতার ছোট ছেলে জেহর ঘরে প্রবেশ করে। সাইফ যখন বাচ্চাদের বাঁচাতে তাদের ঘরে যান, তখন ওই যুবক তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়।
সাইফ গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর কোমর থেকে ছুরির একটি ভাঙা টুকরো বের করা হয়। প্রায় পাঁচ দিন হাসপাতালে থাকার পর তিনি ছাড়া পান।
মহানগর পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শরিফুলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশি নাগরিক। ধারণা করা হচ্ছে, তিনি পাঁচ থেকে ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন।