শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরিষাবাড়ীতে ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে লাখ টাকার বিদ্যুৎ বিল

সরিষাবাড়ীতে ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে লাখ টাকার বিদ্যুৎ বিলের অভিযোগ উঠেছে।

সরিষাবাড়ীতে ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে লাখ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিডিবির ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। অভিযোগ উঠেছে, প্রিপেইড মিটার গ্রাহক থেকে শুরু করে ২০ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে পর্যন্ত লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল আসছে।

স্থানীয়দের অভিযোগ, পিডিবির এই হয়রানি দীর্ঘদিন ধরেই চলছে। অনেক গ্রাহক তথ্যপ্রমাণ না থাকার কারণে অযৌক্তিক বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরিষাবাড়ীর আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন মাদ্রাসায় বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহৃত হচ্ছে। তবে চলতি বছরের জুলাই পর্যন্ত মাদ্রাসাটিকে প্রায় ৪৫ হাজার টাকা বিল পাঠানো হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিস আলী জানান, তাদের কোনও বকেয়া বিল নেই।

এদিকে, চর বড়বাড়িয়ার আলাউদ্দিন, যিনি প্রায় ২০ বছর আগে মারা গেছেন, সম্প্রতি তার নামে ১ লাখ ১২ হাজার টাকার বিল এসেছে। তার ছোট ভাই আলম জানান, পিডিবি অনেক আগেই সংযোগ অপসারণ করেছে।

এছাড়া, সাদিনা বাড়ি এলাকার আব্দুস সামাদের সেচ মেশিনের বিল এসেছে ২ লাখ ১২ হাজার টাকা, অথচ বিলের মিটার নম্বরটি তার নয়। আব্দুস সামাদ বলেন, তার মিটার নম্বর ৮৮২৪, কিন্তু আসা বিলের নম্বর ৮৮২২।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পিডিবির এই ধরনের হয়রানি নতুন নয় এবং এতে দরিদ্র গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওয়াদুদ আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জামালপুরের সরিষাবাড়ীতে পিডিবির আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩০ হাজার।

বিজ্ঞাপন