রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতি বৃদ্ধি পাবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, ফলে গরমের অনুভূতিও আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭%। গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি তাপমাত্রা ছিল সিলেটে। একই সময়ে সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।