ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে নেইমারের পরিবারের আর্থিক সহায়তায়। ক্লাবটি জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা প্রায় ১৭ লাখ পাউন্ড পরিশোধ করার পর ফিফা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সান্তোস ক্লাবটি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এখন ক্লাবটি নতুন খেলোয়াড় নিবন্ধন ও দলবদলে আর কোনো বাধার সম্মুখীন হবে না।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর সুযোগ তৈরি হয়েছে। অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা সান্তোস এখন দল শক্তিশালী করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে।
এরই মধ্যে ক্লাবটি করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন নেইমারও।