কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে সান্তোস এবং পালমেইরাসের মধ্যে গত বুধবার অনুষ্ঠিত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। তবে, দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেইমারের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারকে মাঠ ছাড়তে হয় চোটের কারণে। মাঠ ছাড়ার সময় তাঁকে চোখে-মুখে হাত দিয়ে আবেগ প্রকাশ করতে দেখা যায়। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ডান উরুতে অস্বস্তির কারণে মাঠ ছেড়েছেন।
টুর্নামেন্ট থেকে বিদায়ের পর নেইমার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর অবস্থার জন্য দায় চাপিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের তীব্র সমালোচনা করেছেন।
নেইমার লিখেছেন, ‘ভিলা বেলমিরোর ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ দেখেছি— পুরো মাঠজুড়ে গর্ত ছিল। অবিশ্বাস্য!’ তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষের বিপক্ষে লড়ার পাশাপাশি আমাদের খেলতে হয়েছে মাঠের বিরুদ্ধেও।’
সান্তোসের আরও দুই খেলোয়াড়ও এই ম্যাচে চোট পেয়েছেন। নেইমার বলেন, ‘প্রথমার্ধেই তিনজন খেলোয়াড় চোটের মতো সমস্যা অনুভব করেছে— এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।’
শেষে তিনি ব্যঙ্গ করে মাঠের রক্ষণাবেক্ষণ কর্মীদের উদ্দেশে লেখেন, ‘অভিনন্দন... দারুণ কাজ করেছেন!’