লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এফটিপি অনুযায়ী, ম্যাচটি আগামী ২৮ মে থেকে ১ জুন ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লর্ডস কর্তৃপক্ষ সাধারণ দর্শকদের জন্য টিকিটের আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। প্রথম ধাপে সফল আবেদনকারীদের নভেম্বরে ই-মেইলের মাধ্যমে জানানো হবে এবং তারা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন।
১০ ডিসেম্বর থেকে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট খেলতে যাচ্ছে। সর্বশেষ ২০১০ সালে বাংলাদেশ এই মাঠে খেলেছিল।
লর্ডসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষ কিছু স্মৃতি জড়িত। ২০১০ সালে এখানে তামিম ইকবাল মাত্র ৯৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন, যা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
দু'দল সর্বশেষ টেস্টে ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল, যেখানে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে পরাজিত করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।