বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সরকার বিরোধী দলের প্রতি যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। তিনি বলেন, "বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।"
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তাহের। তিনি উল্লেখ করেন, "বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি।"
তাহের আরও বলেন, "সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদূর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন।"
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় উল্লেখ করে বলেন, "বিরোধী দলের সদস্যরা তীব্র আপত্তি জানান।"
স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এমন অভিযোগে সংসদে অচলাবস্থা সৃষ্টি হয়। তাহের বলেন, "বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।"
তিনি আরও অভিযোগ করেন, "গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম; প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিল। কিন্তু বিএনপি এখন ওয়াদা ভঙ্গ করছে জনগণের সঙ্গে।"
বিরোধী দলের আপত্তির পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানান, তবে পরিস্থিতি শান্ত হয়নি।