জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তি প্রদান করা হয়েছে। গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
এ সময় ঘোড়ার মাংস বিক্রির চক্রের আরও চার সদস্যকে স্থানীয়রা আটক করেন। অভিযোগ উঠেছে যে, মাহমুদুল হাসান টাকার বিনিময়ে তাঁদের পুলিশে তুলে দেওয়ার কথা বলে ছেড়ে দেন।
অবশ্য, মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘বিষয়টি নিয়ে টেলিভিশনে খবর প্রচারের পর বিষয়টি কেন্দ্রের নজরে আসে। পরে তাঁকে বহিষ্কার করা হয়।’