সারাদেশের আইনশৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের একটি গেজেট প্রকাশের মাধ্যমে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি প্রজ্ঞাপনটিতে সই করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিগত ফ্যাসিস্ট আমলের সময় দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কেবল কাগজে ছিল, বাস্তবে দুর্নীতির মাধ্যমে লুটপাট সংগঠিত হয়েছে। এই লুটপাটের অর্থ মাদকসহ সামাজিক অবক্ষয়ের কাজে ব্যবহৃত হয়েছে, যা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।
জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে সুলতান সালাহউদ্দিন টুকু ঢাকার দায়িত্ব পেয়েছেন, এবং হাবিবুর রশিদ গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করবেন। এছাড়া, ৩০ জনের মধ্যে প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধির মধ্যে রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের তদারকি। তারা জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ ও পরামর্শ দিতে পারবেন।