নির্বাচন কমিশন (ইসি) আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে এবং এ বছরের শেষ নাগাদ প্রথম ধাপের ভোট আয়োজন করতে চায়। তবে প্রয়োজনে তফসিল অক্টোবরে দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এসময়, স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়। রাষ্ট্রপতি ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিইসি আরও জানান, ভোটের সময় নির্ধারণে বিভিন্ন বিষয়কে বিবেচনায় নিতে হবে, যেমন বার্ষিক পরীক্ষা, দুর্গোৎসব, আগামী বছরের শুরুতে রোজা এবং এসএসসি পরীক্ষা।
এদিকে, মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা করার পর এখানে উপনির্বাচন আয়োজনের জন্য ইসি সম্পূর্ণ প্রস্তুত। আসনটিতে উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন।