শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছর অনুষ্ঠিত হবে, জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরই: সিইসি

চলতি বছর দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ তথ্য জানান।

সিইসি’র নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মোঃ আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, শিক্ষার্থীদের পরীক্ষা ও শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের লক্ষ্য ডিসেম্বরে প্রথম ধাপের ভোটগ্রহণ আয়োজন করা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সিইসি। তিনি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন এবং প্রবাসীদের এনআইডি সেবাসহ বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো নিরপেক্ষতা ও সততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন এবং কমিশনের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটেও ভোটগ্রহণের ব্যবস্থা থাকবে।

নির্বাচনের তারিখ নির্ধারণ প্রসঙ্গে সিইসি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করার পুরো নিয়ন্ত্রণ সব সময় এককভাবে কমিশনের হাতে থাকে না। পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিতে হয়, যেমন দুর্গাপূজা এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা।

বিজ্ঞাপন