জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে বিরোধী দলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিরোধী দলের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়। সংসদে সুনির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে আলোচনা হতে পারে।’ তাঁর এই বক্তব্যের পরই বিরোধী দলের সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।
এ সময় সংসদের স্পিকার তাদের বারবার বসতে বললেও তারা হট্টগোল চালিয়ে যান। পরে বিরোধী দলের নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘তুচ্ছ, তাচ্ছিল্য’ করে কথা বলার অভিযোগ তোলেন।
স্পিকার আশ্বাস দেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে তা পরবর্তীতে এক্সপাঞ্জ করা হবে, তবে তাৎক্ষণিকভাবে বিরোধী দলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে বলেন। শফিকুর রহমান বলেন, ‘সংসদের সৌন্দর্য ঠিক রাখতে ওনাকে দুঃখ প্রকাশ করতে হবে। ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। তা না হলে আমরা এখানে বসবো না।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, এ সময় তাঁর একটি বক্তব্য নিয়েও বিরোধী দলের নেতা আপত্তি জানান।