শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আজ থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল তিনটায় অধিবেশন শুরু হবে। অধিবেশন ১০ সেপ্টেম্বর সমাপ্ত হবে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসমূহের দিন ও ব্যাপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৮১টি নোটিশ এবং সিদ্ধান্ত-প্রস্তাবের (বিধি-১৩১) সংখ্যা ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চীফ হুইপ মো. নূরুল ইসলাম ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৈঠকে স্পীকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন