বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮ শতাধিক নিখোঁজ, ১৬৫ জনের মৃত্যু

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮ শতাধিক মানুষ নিখোঁজ, ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৮ শতাধিক নিখোঁজ, ১৬৫ জনের মৃত্যু

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, জানায় দেশটির কর্তৃপক্ষ।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যানুযায়ী, বন্যার পর ৮২৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনী, পর্যটক এবং সাধারণ জনগণ অন্তর্ভুক্ত। নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫২৯ জনেরও বেশি।

এনডিআরআরএমএ জানায়, বন্যা-আক্রান্ত এলাকা থেকে ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের শনাক্তকরণের কাজ এখনও চলছে। বর্তমানে ৮৫ জন জরুরি পরিষেবা কর্মী রয়েছেন, যাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ ৫৭৯ পর্যটকের মধ্যে ৪শ জনের বেশি বিদেশি। তাদের মধ্যে ভারতের ১৪২, যুক্তরাষ্ট্রের ৪৭, অস্ট্রেলিয়ার ৩৪ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। এছাড়া, চীনের গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরোং প্রদেশে ২৬০ বিদেশিসহ সাড়ে ৫শর বেশি মানুষ নিখোঁজ।

গতকাল হঠাৎ চীনের দিক থেকে পানির তীব্র স্রোত নেমে আসে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী ট্রেকিং রুট ও জনপদগুলোতে, ফলে একের পর এক গ্রাম কাদা আর ধ্বংসাবশেষে নিশ্চিহ্ন হয়ে যায়।

নেপালের ২ হাজার সেনা সদস্য উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, তবে বন্যার স্রোতে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে।

নিখোঁজদের উদ্ধারে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশ সহায়তায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র পাঁচ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, চীন গিরং এলাকায় প্রায় ৬শ উদ্ধারকর্মী মোতায়েন করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও সহায়তায় প্রস্তুত, এবং দক্ষিণ কোরিয়া বিশেষ উদ্ধারদল পাঠিয়েছে।

বিজ্ঞাপন