নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, উদ্ধারকাজে বিশেষায়িত সরঞ্জাম ও প্রযুক্তির প্রয়োজন রয়েছে।
শিশির খানাল বলেন, বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে প্রতিবেশী দেশগুলোর সহায়তা প্রয়োজন। এদিকে, ভারত থেকে ১১ সদস্যের একটি বিশেষায়িত টানেল উদ্ধারকারী দল নেপালে মোতায়েন করা হয়েছে।
চীনের একটি টানেল উদ্ধারকারী দলও শিগগির নেপালে পৌঁছাবে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জীবিতদের শনাক্তে প্রযুক্তি, দ্রুত ডিএনএ পরীক্ষা এবং মরদেহ সংরক্ষণের জন্যও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।
নেপালের অর্থমন্ত্রী জানিয়েছেন, ত্রিশুলি এলাকার ৩টি জলবিদ্যুৎ প্রকল্পের এলাকায় আরও মানুষ আটকা থাকতে পারেন। তাদের কাছে পৌঁছাতে সুড়ঙ্গের প্রবেশপথ খুঁজে বের করার চেষ্টা চলছে।