নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজে সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। এই উদ্ধার অভিযান চলাকালে স্থলাভিযানের পাশাপাশি আকাশপথেও তল্লাশি কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।
বিবিসি'র লাইভ প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক এই বিপর্যয়ে নেপালে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে এবং ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত জানান, রসুয়া ও নুওয়াকোট জেলা সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাসদস্যদের অধিক সংখ্যায় নিয়োজিত করা হয়েছে।
তিনি আরও জানান, সেনাবাহিনী এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে তিনজন ছিলেন ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিক।
উদ্ধার ও তল্লাশি অভিযানে নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও অংশ নিচ্ছেন।