বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
তবে এর পরপরই কোনো কারণ উল্লেখ না করেই রাষ্ট্রপতি ভবন বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়। এটি সফরের সময়সূচি পরিবর্তনের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ ঘটনার প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপড়েন এবং তারেক রহমানের সফরের অনিশ্চয়তা নতুন আলোচনা সৃষ্টি করেছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।