বর্তমান সরকারের মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। আগামী শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত চারজনের মধ্যে দুজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তথ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এছাড়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কাজের গতি বাড়াতে পাঁচটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। এই মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।