বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

হরমুজে গোপনে চলছে বিশাল তেল পরিবহন, দাম বাড়ার আশঙ্কা

হরমুজ প্রণালিতে গোপনে চলছে বিশাল তেল পরিবহন, দাম বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

হরমুজে গোপনে চলছে বিশাল তেল পরিবহন, দাম বাড়ার আশঙ্কা

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কার মধ্যেই হরমুজ প্রণালিতে গোপনে চলছে বিশাল তেল পরিবহন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের তেলবাহী জাহাজ কয়েক মাস ধরে এই পথে চলাচল করছে, তবে তাদের ট্রান্সপন্ডার বন্ধ থাকায় অবস্থান প্রকাশ্যে ধরা পড়ছে না।

এই গোপন পরিবহনের মাধ্যমে প্রতিদিন ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের আগে হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল যাতায়াত করত। বর্তমানে প্রকাশ্যে জাহাজ চলাচল কমে গেলেও গোপন পরিবহন এবং পাইপলাইনের বাড়তি ব্যবহার বিশ্ববাজারের সরবরাহকে পুরোপুরি ভেঙে পড়তে দেয়নি।

যুদ্ধ শুরুর পর তেলের দাম ১৫০ ডলার বা তারও বেশি হতে পারে এমন আশঙ্কা থাকলেও বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে রয়েছে। এই গোপন তেল সরবরাহ বিশ্ববাজারে বড় ধাক্কা সামলানোর অন্যতম কারণ হয়ে উঠতে পারে।

তবে এই পথে ঝুঁকিরও অভাব নেই। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, হামলার ঝুঁকি নিয়ে এসব জাহাজ চলাচল করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজে হামলা হয়েছে এবং নাবিকরা নিহত ও আহত হয়েছেন।

বাইরে থেকে হরমুজ যতটা বন্ধ মনে হচ্ছে, বাস্তব চিত্র হয়তো তার চেয়ে জটিল। দিনের আলোয় হরমুজ স্তব্ধ হলেও রাতের অন্ধকারে সেখানে চলছে কোটি কোটি ডলারের তেলবাণিজ্য। তবে এই গোপন পথ যদি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তাহলে বিশ্ববাজারের তেলের সরবরাহ হঠাৎ উধাও হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন