কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির কারণে একটি কনসার্ট বন্ধ হয়ে গেছে। আজ বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টে গান গাওয়ার কথা ছিল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।
গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়ার পর ১৮ আগস্ট কিশারগঞ্জ সদর উপজেলা শাখার ইমাম-উলামা পরিষদ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে। আবেদনটি করেন পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ। অভিযোগে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়ত বিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে, যা আল্লাহ তা'আলার আযাবের কারণ হতে পারে।
মাওলানা আহমাদুল্লাহ আজ দুপুরে কনসার্টটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "আবেদনের পর জেলা প্রশাসন আজ আমাদেরকে কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন। এ জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।"
পুরাতন স্টেডিয়ামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে নিয়ে যাচ্ছে আয়োজকদের লোকজন। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল জানান, "আমাদের রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল।"
তিনি আরও বলেন, "আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। তবে আজ বুধবার দুপুরে আমাদের জানানো হয়েছে যে এই কনসার্ট করা যাবে না।"
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, "গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বিধায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও যে রেস্টুরেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল, সে প্রতিষ্ঠানের লাইসেন্সও নেই।"