মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেছেন। তিনি বলেন, নাবিকদের দীর্ঘদিন সমুদ্রে অবস্থান এবং জাহাজের অভ্যন্তরীণ পরিবেশের উদ্বেগ সত্ত্বেও তাদের মানসিক শক্তি প্রশংসনীয়।
কুপার রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানান, ইউএসএস লিংকন পরিদর্শন করে তিনি ‘অভিভূত’ হয়েছেন। তিনি নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে, মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দাবি করেছেন যে, ইউএসএস লিংকন টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর করেনি, যা আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার ক্ষেত্রে একটি রেকর্ড। নাবিকদের পরিবারের পক্ষ থেকে পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে জবাবদিহির দাবি করা হয়েছে।
কুপার এসব অভিযোগ নাকচ করে বলেন, মার্কিন নৌবাহিনীর সক্রিয় ১১টি বিমানবাহী রণতরীর মধ্যে ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার ঘটনা সবচেয়ে কম। তিনি নাবিকদের মানসিক সুস্থতা ও মানসিক দৃঢ়তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য রণতরীটির নেতৃত্বেরও প্রশংসা করেন।
ইউএসএস আব্রাহাম লিংকন গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর নিজ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। জাহাজটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছেন।
এদিকে, জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন এবং পরিস্থিতির অবনতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ ভুল উপস্থাপন’ বলে দাবি করেন। শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই সুরে কথা বলেন এবং ইউএসএস আব্রাহাম লিংকনের দীর্ঘ সময়ের মোতায়েন নিয়ে উদ্বেগকে নাকচ করেন। তিনি বলেন, রণতরীটির মোতায়েনের সময়কাল ‘মোটেও দীর্ঘ নয়’।”