ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জোর তৎপরতা চালাচ্ছে।
গতকাল শনিবার ভোরে ঘটে যাওয়া ভূমিকম্পের পর অন্তত ২৩০টি আফটার শক অনুভূত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধসে পড়েছে দেড়শতাধিক ভবন।
এছাড়া, ফাটল ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরও ২০০টিরও বেশি বাড়ি। প্রায় ২ হাজার গ্রামবাসী অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
একই দিনে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, তবে এর ফলে হতাহত বা ক্ষতিগ্রস্তের তথ্য পাওয়া যায়নি।
প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থান করায় ইন্দোনেশিয়া ভূকম্পন সক্রিয় অঞ্চল। পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় এই অঞ্চলে প্রচুর সংখ্যায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে থাকে।