চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি অবসরের সম্ভাবনা সম্পর্কে কথা বলেছেন।
৪১ বছর বয়সী রোনালদো জানিয়েছেন, ফুটবল ছাড়ার পর তিনি জীবনের বাকি সময়টি আনন্দ, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করছেন। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি একটি অসাধারণ লিগেসি রেখে যেতে চাই।’
রোনালদো আরও জানান, ফুটবল ছাড়ার পর কী করবেন, সে সম্পর্কে তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেকটাই নির্ধারিত। তবে তিনি একটিমাত্র পরিকল্পনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না।
তিনি বলেন, ‘ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই সেই সময়টাকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পূরণ করতে চাই। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই।’
রোনালদো ২৪ বছর আগে পর্তুগালের লিসবনের ক্লাব স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসে খেলেছেন। বর্তমানে আল নাসরে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত।
তবে তার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, চলতি মৌসুমের পর ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।