পাহাড়কে ঘিরে ভারত ও মিয়ানমারসহ বিভিন্ন বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে কঠোর সামরিক অভিযান চালানো প্রয়োজন। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি নয়, বরং অশান্তি সৃষ্টি হবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, যে ইস্যুগুলো টেবিলে আলোচনা করে সমাধান করা সম্ভব, সেসব রাজপথে নিয়ে গেলে ফ্যাসিবাদী শক্তি দেশে ফেরার সুযোগ পাবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে।’
তিনি ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বিকল্প নেই জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে সবার সমর্থন ও সহযোগিতা দেওয়া উচিত।