বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে। বুধবার, আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, ‘একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িত– শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘কাকে খুশি করতে চাচ্ছেন? পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের। এ প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে।’
এ সময় আরাফাত রহমানের জীবন ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘আরাফাত রহমান কোকোর পৃথিবী থেকে চলে যাওয়া ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ।’