বেঙ্গালুরুর অভিনেতা প্রকাশ রাজ অভিযোগ করেছেন যে, তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা তার ভোটাধিকারকে ক্ষুণ্ন করেছে। মঙ্গলবার এক্স-এ প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, "ভালো কৌতুক, তাই না?"
প্রকাশ রাজের দাবি, বেঙ্গালুরুর ৬৫ লাখ ভোটারের সঙ্গে তার ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি জন্মেছেন, বেড়ে উঠেছেন এবং পড়াশোনা করেছেন, সেখানে তার ভোটাধিকার কীভাবে হারিয়ে গেল?
তিনি জানান, "আমি এই কেন্দ্রেই জন্মেছি, বড় হয়েছি। এখানেই আমার স্কুল, কলেজ ও থিয়েটার চর্চা। এমনকি আমি এই কেন্দ্রের একজন লোকসভার প্রার্থীও ছিলাম।"
অভিনেতা অভিযোগ করেছেন, ক্ষমতা ব্যবহার করে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, "খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক এবার আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে আর কী কী নিয়মের মধ্য দিয়ে যেতে হয়।"
বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন জানায়, প্রকাশ রাজের নাম রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়নি, বরং ঠিকানা পরিবর্তনের কারণে ভোটার তালিকায় ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসনের দাবি, বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি যাচাইয়ের সময় জানতে পারেন যে, প্রকাশ রাজের নিবন্ধিত ঠিকানায় তিনি গত চার বছর ধরে থাকেন না। প্রতিবেশী ও ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার জগদীশ জি জানান, তিনি প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং অভিনেতা স্বীকার করেছেন যে, তিনি ওই ঠিকানায় থাকেন না। তাকে নতুন ঠিকানার বুথ লেভেল অফিসারের মাধ্যমে ফর্ম-৬ পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, প্রকাশ রাজের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ঠিকানায় নিবন্ধিত চারটি ভোটার কার্ড রাখার অভিযোগে একটি ফৌজদারি মামলায় গত ১০ জুলাই শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়েছিল।