আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরকে গুজব বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বুধবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, "ভারতের সাথে সৃষ্ট যেকোনো কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার।"
জহির উদ্দিন স্বপন আরও জানান, বিএনপি সরকার তরুণ ও যুবসমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
এছাড়া, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়ার নানা উদ্যোগ নিচ্ছে সরকার।
অনুষ্ঠানে দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।