ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে।
সোমবার হায়দরাবাদে বিজেপির পদযাত্রায় অংশ নিয়ে অমিত শাহ বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরোধিতা করছে কংগ্রেস। তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি নামের মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ ঠিকানা বদলেছেন, ৩ কোটি মানুষ মারা গেছেন এবং প্রায় ১ কোটি নাম একাধিকবার রয়েছে।
অমিত শাহ আরও জানান, বাকি ৩ কোটি ভোটারের কোনো অস্তিত্ব নেই এবং তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ ও ২০১৯ সালেও এসআইআর ছাড়াই জনগণের ভোটে জয়ী হয়েছেন।’
অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীরা কংগ্রেস ও বিরোধী জোটের ভোটব্যাংক। এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।