যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, ভার্মন্ট, ভার্জিনিয়া ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় ভোর ৫টায় প্রথম ভোটগ্রহণ শুরু হয়। নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও কেনটাকিসহ অন্যান্য রাজ্যগুলোতেও ভোট কেন্দ্র ধাপে ধাপে খোলা হয়েছে।
এবারের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন প্রায় ৬ কোটির বেশি ভোটার। কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে রয়েছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরে আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট গণনা বন্ধের চেষ্টা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ট্রাম্প প্রশাসনের এ চেষ্টা ব্যর্থ হওয়ায় ভোটে বড়সড় ধাক্কা খেল তারা।
সোমবার এক আদেশে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আবেদন নাকচ করেন সুপ্রিম কোর্ট। এর আগে, দুটি নিম্ন আদালতও ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেছিলেন। ট্রাম্পের অভিযোগ, এসব ব্যালটের কিছু পাঠিয়েছেন এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নাগরিক নন।
ক্যালিফোর্নিয়ায় ভোটার সংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ। রাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ডাকযোগে ৬০ লাখের বেশি ব্যালট জমা পড়েছে।