পঞ্চগড়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
জানা গেছে, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরাম হাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সরদারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। চার পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বলরাম হাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর উপস্থিত থাকার কথা থাকলেও, সেখানে মাত্র ১০ জন শিক্ষার্থী পাওয়া যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উপস্থিতি ছিল না।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হয় না এবং শিক্ষকদের উপস্থিতিও কম। তারা জানান, এমপিওভুক্তির আশায় বিদ্যালয়টি চালু রাখা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ললিতা রানী জানান, "আমাদের স্কুল থেকে এবার একজন পরীক্ষা দিয়েছে, সে ফেল করেছে। সে পড়ালেখায় দুর্বল ছিল।"
অন্যদিকে, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের কোনো সাইনবোর্ড নেই এবং কার্যক্রমের বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ের কাছে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, "এই দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। পাঠদানের ধারাবাহিকতা কখনও ছিল না। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।"