সুনামগঞ্জের জাউয়াবাজারে তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে স্থানীয় জনতা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, লোডশেডিংয়ের সময়সূচি জানানো হচ্ছে না এবং ২৪ ঘণ্টার মধ্যে বেশিরভাগ সময় বিদ্যুৎ নেই। চরম গরমের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
স্থানীয় ব্যবসায়ী জোসেফ আহমেদ বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এই তীব্র গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে, তবে মানুষ কীভাবে বেঁচে থাকবে?’
ছাতক উপজেলার কৈতক গ্রামের রফিক মিয়া বলেন, ‘সরকারের কাছে দাবি, দ্রুত স্থায়ী সমাধান করা হোক। এভাবে দিনের পর দিন লোডশেডিং সহ্য করা সম্ভব নয়।’
জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক জানান, ‘এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে। লোডশেডিংয়ের মাত্রা এত বেড়ে গেছে যে মানুষজন বিক্ষোভে নেমেছে।'
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তাপস কুমার পাইন জানান, ‘এটি এখন জাতীয় সমস্যা। আমাদের চাহিদার চেয়ে ৪০ শতাংশের কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সরকার চেষ্টা করছে, আশা করি শীঘ্রই সমাধান হবে।’