সৌদি আরবের রিয়াদে রোববার একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি অংশ নেন। সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্তকরণ এবং দেশে আনার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ শনাক্তকরণের ব্যবস্থা নেবে। শনাক্তকরণের পর সরকারি ব্যবস্থাপনায় মরদেহের সৎকার করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নিহত ১৬ জনের প্রত্যেকের পরিবারের জন্য এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে। ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মৃত কর্মীদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সরকার এই কঠিন সময়ে নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।