বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সুনামগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বন্যাদুর্গত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ না করার এবং শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের লক্ষ্যে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘বন্যা আর পরীক্ষা একসাথে চলবে না’, ‘শিক্ষা নিয়ে অবহেলা মানি না, মানবো না’—এমন বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ২. বৈষম্যহীন পরীক্ষা নিশ্চিতকরণ। ৩. আগামীকালের (বুধবারের) পরীক্ষা স্থগিতকরণ। ৪. বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা গ্রহণ। ৫. শুধুমাত্র পরীক্ষার ওপর জোর না দিয়ে পড়াশোনার মানোন্নয়নের দিকে গুরুত্ব প্রদান।

সুনামগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থী আদনান ফুয়াদ নাবিল বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এমন দুর্যোগের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, যা অমানবিক।’ তিনি জানান, সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জে তারা আন্দোলনে নেমেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার্থী পরাণ, জামিল, নাঈম, পায়েল, আহসান, সাকিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন