চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া ও পদ্মা নদীর মোহনায় ভয়াবহ ঘূর্ণিস্রোতের কারণে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি মালবাহী কার্গো ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে 'এইচ এম পরিবহন' এর একটি ট্রলার সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তিন নদীর সংযোগস্থলে পৌঁছালে তীব্র ঘূর্ণিস্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে তলিয়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চার কর্মী পানিতে পড়ে গেলে আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া চারজনকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ডুবে যাওয়া কার্গোটির মালিক হানিফ বেপারী জানান, তিনি প্রবাসে অর্জিত সমস্ত সম্বল দিয়ে ট্রলারটি কিনে সিমেন্ট পরিবহনের ব্যবসা শুরু করেছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় তার কোটি টাকার স্বপ্ন ভেসে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড় স্টেশন এলাকার তিন নদীর মোহনা নৌযান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। এর আগে এখানে একাধিক যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে।
চাঁদপুর নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালেও পানির গভীরতা ও স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলার বা সিমেন্ট উদ্ধার করা সম্ভব হয়নি, জানান নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন।