হরমুজ প্রণালি নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৫ মাসের যুদ্ধে হতাহতদের জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র।
এদিকে, সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য তেহরান ওয়াশিংটনের কাছে অর্থ দাবি করার পর, তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আল জাজিরা জানায়, এই পরিস্থিতিতে মঙ্গলবার তেলের দাম বেড়ে গেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ উন্মুক্ত করার প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। সোমবার ৫ শতাংশ বৃদ্ধির পর, ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেল প্রতি ৮৮ ডলারে এবং ইউএস ক্রুড ফিউচারস ৮২.৪৫ ডলারে পৌঁছেছে, যা ৩১ জুলাইয়ের পর উভয় বেঞ্চমার্কের জন্য সর্বোচ্চ স্তর।