দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার সকালে নতুন দাম নির্ধারণ করেছে, যেখানে ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ১০৮ টাকা।
নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ার কারণে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য এখন ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ৮ আগস্ট সকালে বাজুস সোনার দাম বাড়িয়েছিল। ওইদিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এ বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যেখানে ভরিতে দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।