দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নতুন লাইসেন্স এবং নবায়নের মেয়াদ এক বছর থেকে দুই বছর করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি দুই বছর অন্তর লাইসেন্স নবায়ন করতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক নূরুল ইসলামের সই করা নির্দেশনায় জানানো হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার ভিত্তিতে লাইসেন্সের মেয়াদ বাড়ানো হয়েছে।
নতুন নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ওয়েবসাইটে আবেদন করতে হবে।
নতুন লাইসেন্স গ্রহণের জন্য পরিবেশ অধিদফতরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা আবশ্যক। নারকোটিক দ্রব্য ব্যবহার করতে চাইলে নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স পাওয়ার পর নারকোটিক লাইসেন্স গ্রহণ করতে হবে।
এছাড়া, পরিবেশ অধিদফতর বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিজ নিজ দফতরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে। অধিদফতরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা নিয়মিতভাবে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শনে অনিয়ম বা ব্যত্যয় দেখা গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।