মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলতে একটি চুক্তি হতে পারে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, "আমি মনে করি যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। আমার মনে হয় না তারা আর বেশি দিন চালিয়ে যেতে পারবে।"
হরমুজ প্রণালির বিষয়ে ট্রাম্প জানান, আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে এমনটা তিনি বলতে চান না। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রণালিটি ‘অনেকটা খোলা’ রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরান সেখানে হামলা বা মাইন পুঁতে দিতে পারে। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে তিনি জানান, "আমরা খুব ভালো করছি। ইরানের সঙ্গে আলোচনায় আমি নিজেও যুক্ত আছি। সবকিছু ঠিকঠাক চলছে।"
এর আগে, বুধবার নেভাদায় এক অনুষ্ঠানে ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। তবে কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনই তার মূল লক্ষ্য।
তিনি বলেন, "আমি মানুষ হত্যা করতে চাই না, তাই চুক্তির মাধ্যমে সমাধান চাই। তবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।"
মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে যোগাযোগ চলার কথা জানান। তিনি বলেন, "হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তা না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।"
ট্রাম্প দাবি করেন, দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা চলছে। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার বিষয়টি অস্বীকার করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, "ইরান চুক্তিতে পৌঁছাতে চায়।"