মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ শেষ হতে চলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেন, মার্কিন অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে এবং তারা আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। রয়টার্সের খবর অনুযায়ী, তিনি বলেন, "আমরা ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং তাদের সক্ষমতা হ্রাস পাচ্ছে।"
এ সময় ট্রাম্প মার্কিন অস্ত্রের মজুত ফুরিয়ে আসার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি। তিনি জানান, "কিছু অস্ত্রের মজুত সীমিত হলেও আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অন্য কিছু অস্ত্রের সরবরাহ অসীম।"
ট্রাম্প আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলো প্যাট্রিয়ট এবং টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্রসহ নতুন কারখানা প্রতিষ্ঠা করছে।
সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে পাঁচ মাসব্যাপী যুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বেশিরভাগই ব্যবহার করে ফেলেছে।