খুলনা মহানগরীর ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থী বই পড়ার বছরব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং সহযোগিতা করে গ্রামীণফোন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
পুরস্কার বিতরণে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বই পড়ার গুরুত্ব সম্পর্কে তাদের উৎসাহিত করেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান স্বাগত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বেশি বই পড়ার আহ্বান জানান।
মু. বিল্লাল হোসেন খান বলেন, বই পড়া, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো সম্ভব। শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার জন্য উৎসাহিত করেন তিনি।
অধ্যাপক মুহাম্মাদ আলী নকী বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল সাহিত্য ও ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ২ হাজার ২৫৭ জনকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ২৫৪ জন ‘শুভেচ্ছা’, ৯২৩ জন ‘অভিনন্দন’ এবং ৯২ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন।
এছাড়া, এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ‘অনলাইন সেফটি ফান্ডামেন্টালস’ নামে সচেতনতামূলক অনলাইন কোর্স চালু করা হয়েছে, যা শিশু-কিশোর ও অভিভাবকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে মৌলিক ধারণা দেবে।