আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া পুরোনো পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এবারও লটারির মাধ্যমে স্কুলে ভর্তি হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
স্কুলে ভর্তি পদ্ধতি পরিবর্তনের বিষয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, তিনি লটারির মাধ্যমে স্কুলে ভর্তির পক্ষে নন। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি খুব যৌক্তিক কোনো ব্যবস্থা নয়।'