রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন উদযাপন

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন আজ উদযাপিত হচ্ছে।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন উদযাপন

দেশবরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন আজ। তিনি ১৯৩৯ সালের ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন।

অধ্যাপক সায়ীদ চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজ করে যাচ্ছেন। তার পৈতৃক নিবাস বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে।

তিনি ১৯৫৫ সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৬০ সালে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০৪ সালে তিনি র‌্যামেন ম্যাগসাইসে পুরস্কার লাভ করেন এবং ২০০৫ সালে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। ২০১২ সালে প্রবন্ধে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

১৯৬১ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ, বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা কলেজে শিক্ষকতা করেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বইপড়া কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করছেন।

বাংলাদেশে টেলিভিশনের সূচনালগ্ন থেকে বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি পথিকৃৎ ও সফল ব্যক্তিত্ব। তার গ্রন্থভাণ্ডার কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, নাটক, অনুবাদ, জার্নাল, জীবনীমূলক বই ইত্যাদিতে সমৃদ্ধ।

ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, পরিবেশদূষণবিরোধী আন্দোলনসহ নানা সামাজিক আন্দোলনে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বিজ্ঞাপন