কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৩টা ১০ মিনিট থেকে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আবার শুরু হয়।
বর্তমানে সেখান থেকে প্রায় ২৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানান, টার্মিনালটির দ্বিতীয় বয়লার চালু হলে আরও প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের গ্যাসের চাপ বাড়বে। এদিকে, রাজধানীর বেশিরভাগ পাম্পে গ্যাস সরবরাহ আগের চেয়ে বেড়েছে, ফলে গ্রাহকেরা স্বল্প সময়ের মধ্যে গ্যাস নিতে পারছেন।