আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী জানান, আগামী বছরের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে দরিদ্র ও অতিদরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হবে।
তিনি আশ্বাস দেন, যোগ্য সবাই ফ্যামিলি কার্ড পাবে এবং বিতরণে কোনো বৈষম্য হবে না। সভা শেষে তিনি জানান, যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে কিছু ত্রুটি ছিল, তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কেউ যেন দুটি ভাতা না পায়, সে বিষয়টিও নজরে রাখা হয়েছে।