জুলাই মাসে বাংলাদেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬২৯ জন। এই তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩৮ জন মোটরসাইকেল চালক ও আরোহী। মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১০৬ জন পথচারী এবং যানবাহনের ৫১ জন চালক ও সহকারীও নিহত হয়েছেন। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ১২৫ জন নিহত হন।
এছাড়া, একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে দুর্ঘটনাগুলি ঘটছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি।