বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে যান চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি

রাজধানীতে ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে যান চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে ডিএমপি।

রাজধানীতে যান চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে ডিএমপি

রাজধানী ঢাকায় আজ ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে লোকসমাগম ঘটবে, যা যানজট সৃষ্টি করতে পারে। এই কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। বিশেষ করে শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী যানবাহনের জন্য ফার্মগেট থেকে শাহবাগে যাওয়ার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করতে হবে।

গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন থেকে শাহবাগে পৌঁছাতে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে যেতে হবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগে যেতে মিরপুর রোড-নিউ মার্কেট-আজিমপুর-চাঁনখারপুল- বকশীবাজার ক্রসিং ব্যবহার করা যাবে।

মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকার জন্য মিরপুর রোড থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সময় গণভবন ক্রসিং থেকে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং- বিজয় সরণি ক্রসিং ব্যবহার করতে হবে।

এছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন