চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্পের কাজ শেষ হলেও ক্ষতিপূরণের টাকা পাননি ভূমির মালিকেরা। ৯ বছর ধরে তারা এই অর্থের অপেক্ষায় রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও নানা অজুহাত দেখিয়ে অর্থ আটকে রাখা হয়েছে। মহানন্দা নদীর ওপর দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণের কাজ শুরু হয় ২০২১ সালে।
২৭০ কোটি টাকায় নির্মিত ৩৯৩ মিটার দীর্ঘ এই বাঁধের কাজ জুন মাসে সম্পন্ন হয়েছে। তবে ভূমি অধিগ্রহণের জন্য মালিকেরা ৯ বছরেও ক্ষতিপূরণ পাননি।
জমি সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতার অজুহাত দেখিয়ে জেলা প্রশাসন ক্ষতিপূরণ আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, ‘এই প্রকল্পের জন্য সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের মাধ্যমে। ক্ষতিপূরণ বাবদ ৭০ কোটি ৭০ লাখ টাকা এরই মধ্যে জেলা প্রশাসককে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণের চূড়ান্ত প্রতিবেদন হয়ে গেলে মালিকেরা টাকা পাবেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসক ও অধিগ্রহণ কর্মকর্তার কেউ ক্যামেরা সামনে কথা বলতে রাজি হননি।