বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ এনবিআরের

এনবিআর নতুন বিআইএন ব্যবহারের নির্দেশনা দিয়েছে, পুরোনো বিআইএন ৩০ নভেম্বরের পর নিষ্ক্রিয় হবে।

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করেছে। এই পদক্ষেপের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তরিত হচ্ছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন করা হলেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

এছাড়া, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন এড়াতে কাস্টমসের সার্ভার সিস্টেমে পুরোনো ও নতুন— উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পূর্বের বিআইএন ব্যবহার করে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম সম্পন্ন করা যাবে।

এনবিআর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে পুরোনো বিআইএনের আওতায় থাকা সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ দিয়েছে। ওই সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আমদানি-রপ্তানি-সংক্রান্ত সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।

এনবিআর জানিয়েছে, রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব ব্যবসাপ্রতিষ্ঠান ও অংশীজনের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন