আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি শ্রেণির করদাতারা ন্যূনতম ৫ শতাংশ কর ছাড় এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রণোদনা না মিললেও জরিমানা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের পরে রিটার্ন দিলে অতিরিক্ত কর দিতে হবে।
আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা ৫ শতাংশ হারে কর প্রণোদনা পাবেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। এরপর জরিমানা হিসেবে অতিরিক্ত কর দিতে হবে। উদাহরণস্বরূপ, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।
এছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
এনবিআর জানায়, করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত করতেই এ কর প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এতে সময়মতো রিটার্ন দাখিলের সংস্কৃতি শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ হবে।
গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
অনলাইনে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে। কোনো সমস্যা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।